সিঙ্গাপুরে ৮০ শতাংশ মানুষ মহামারি করোনা ভাইরাস প্রতিরোধী দুই ডোজ টিকা পেয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অং ইউ কুং। যে কারণে দেশটিতে ধীরে ধীরে কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।
রবিবার (২৯ আগস্ট) ফেসবুক পোস্টে তিনি তথ্যটি জানিয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বেশি টিকাকরণ দেশের তালিকায় উঠে এসেছে এশিয়ার দেশটির নাম।
পোস্টে তিনি লিখেছিলেন, আমরা আরেকটি মাইলফলক অতিক্রম করেছি, আমাদের ৮০ শতাংশ মানুষকে করোনার দুই ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।
এ দিকে চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন সাড়ে আট হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা পাঁচ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখেছে যুক্তরাষ্ট্র। যদিও দৈনিক মৃত্যুতে শীর্ষে উঠে এসেছে মেক্সিকো। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৬৭ লাখের ঘর ছাড়িয়ে গেছে। অন্য দিকে মৃতের সংখ্যাও ৪৫ লাখ ছয় হাজার ছাড়িয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।